আলমাস সহ ৯ দোকানকে জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে জন্য রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে আলমাস সুপার শপসহ জেনেটিক প্লাজা ও রাপা প্লাজার নয়টি দোকানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকেল ৪টা থেকে থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন ও সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  আনিসুর রহমান।

মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, প্রসাধনী ব্যবহারকারী কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বিএসটিআইয়ের অনুমোদন বিহীন প্রসাধনী সামগ্রী বিক্রয়ের জন্য নয়টি দোকানকে প্রায় ছয় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরমধ্যে জেনেটিক প্লাজার সাবু শপকে এক লাখ টাকা, শপার্স পার্ককে ৫০ হাজার টাকা, রায়না কালেকশনকে ৫০ হাজার টাকা, কারনেসিয়াকে এক লাখ টাকা এবং রাপা প্লাজার ই. এল বোনিটাকে ৫০ হাজার টাকা, জেশন বিডিকে ৫০ হাজার টাকা, আলমাস জেনারেল স্টোরকে এক লাখ টাকা, মর্ডান চয়েসকে ৫০ হাজার টাকা, এস. কে. আর বিউটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।