পুঁজিবাজারের উন্নতির স্বার্থে সব দিতে প্রস্তুত : অর্থমন্ত্রী

পুঁজিবাজারকে জনবান্ধব হিসেবে তৈরি করার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনীতি গতিশীল করার জন্য একটি শক্তিশালী শেয়ারবাজার প্রয়োজন। আর এই বাজারকে জনবান্ধব হিসেবে তৈরি করতে চাই। পুঁজিবাজারের উন্নতির স্বার্থে আমরা সব দিতে প্রস্তুত।

মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারের বিষয় ছিল ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী; বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে পুঁজিবাজারের সম্ভাবনা’। ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারের প্রতি মানুষের বিশ্বাসের অভাব রয়েছে। তবে কেন অভাব, তা জানি না। অনেকেই ফোন করে পুঁজিবাজারের প্রতি বিশ্বাসের অভাবের কথা বলে।

তিনি বলেন, গত বছরের বাজেটে পুঁজিবাজারের জন্য যা চাওয়া হয়েছিল, তারচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমরা কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিয়েছি, নগদ লভ্যাংশে উৎসাহিত করেছি। এ সময় আসন্ন বাজেটকে কেন্দ্র করে সবার উপকারে আসবে এমন কোনো পরামর্শ থাকলে, তা দেওয়ার অনুরোধ করেন তিনি। তবে রাখতে পারবেন না, এমন কোনো পরামর্শ না দেওয়ার জন্যও বলেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, একটি কোম্পানি বোনাস শেয়ার ১ বছর বা ২ বছর দিতে পারে। যা ব্যবসা সম্প্রসারণের জন্য হতে পারে। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে না। এছাড়া অনেক কোম্পানির রিজার্ভ বড় করে, সেই অর্থের ছয়-নয় করে। তারমতে, বর্তমানে পুঁজিবাজার অনেক শক্তিশালী। আর এই বাজারকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সব ধরনের সহযোগিতা দিতে চাই।