‘করোনা মোকাবিলায় সর্বোচ্চ প্রচেষ্টায় সরকার’

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

বুধবার (১৩ মে) রাজধানীর মিরপুরের অসহায় দরিদ্রদের মধ্যে ত্রাণ সহায়তা পরিচালনার জন্য মিরপুর মডেল থানার কাছে ৩শ’ ব্যাগ খাদ্য সামগ্রী দেওয়ার সময় সংক্ষিপ্ত বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী একথা বলেন।  এসময় মিরপুর মডেল থানার অপারেশন্স অফিসার দুলাল হোসেন উপস্থিত ছিলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, মহামারি আকারে ছড়িয়ে পড়া এ রোগের শনাক্তকরণ সুবিধা সারাদেশে সম্প্রসারিত করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করোনা শনাক্তকরণ ল্যাবরেটরি ও নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হচ্ছে।

এসময় মিরপুর মডেল থানার অপারেশন্স অফিসার দুলাল হোসেন বলেন, করোনা  পরিস্থিতিতে মিরপুর মডেল থানা এলাকার মধ্যে বসবাসরত কোনো অসহায় ব্যক্তি ত্রাণের জন্য অনুরোধ জানালে থানার পক্ষ থেকে সে ব্যক্তির কাছে খাদ্য উপকরণ পৌঁছে দেওয়া হচ্ছে।

শিল্প প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে এই খাদ্য সহায়তা মিরপুর মডেল থানার এ বিশেষ কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।