পাইলটদের দক্ষতায় বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী রশদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙ্গামাটি জেলার কাপ্তাই হতে বলিপাড়ায় যাওয়ার পথে রাজস্থালী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড হতে ২০০ গজ অদুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার আজ বেলা আনুমানিক ১১ টা ৫ মিনিটে জরুরি অবতরণ করে। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোন ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরী অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের ২ জন পাইলট স্কোয়াড্রন লীডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সকল ক্রু অক্ষত ও নিরাপদে আছেন। বাসস