গাজীপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম।গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম। শনিবার বিকালে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো: নিয়াজ মাখদুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো: জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ, গাজীপুর সিআইডি‘র পুলিশ সুপার রিয়াজুল হক, গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোঃ মাকসুদের রহমান, গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: তপন কান্তি সরকার, গাজীপুরের সিভিল সার্জনের প্রতিনিধি, গাজীপুর জেলার বিজ্ঞ পিপি এডভোকেট আমজাদ হোসেন, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সুদীপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মঞ্জর মোশের্দ প্রিন্স, জেলার কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিজ্ঞ বিচারকবৃন্দ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।সম্মেলনে অংশগ্রহণকারী বিজ্ঞ বিচারক ও কর্মকর্তাগণ নিজ নিজ অধিক ক্ষেত্রে দায়িত্ব পালনে যে সকল বাধার সম্মুখীন হন তা উল্লেখ পূর্বক তা আলোচনা করেন এবং এসব সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানান। উক্ত সম্মেলনে সমন জারি, গ্রেপ্তারি ও ক্রোকী পরোয়ানা জারি, সাক্ষী উপস্থিতকরণ, আদালত চত্বরে নিরাপত্তা ও বিচারকের নিরাপত্তা, সময়মতো মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট প্রাপ্তি, মামলা দ্রুত নিষ্পত্তি, জব্দকৃত আলামত নিষ্পত্তি, পুলিশ রিমান্ড, ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা ও অন্যান্য আবশ্যকীয় বিষয়াদি আলোচনা হয়। আলোচনার পর গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।