সবুজ গড়ার প্রত্যয়ে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের বৃক্ষরোপণ

গাজীপুর প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।রোববার (৩০ আগস্ট) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভি ও দৈনিক জনতার গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ, নাগরিক টিভির গাজীপুর প্রতিনিধি রোমান আহমেদ, দৈনিক গণমুক্তির স্টাফ রিপোর্টার কাজী আব্দুল্লাহ আল সুমন, শহিদ সরকারসহ জেলা রিপোর্টার্স ফোরামের অন্যান্য সদস্যরা। উদ্বোধন শেষে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছকে প্রাধান্য দেওয়া হয়। সাংবাদিকদের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। অথচ অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন ও বিভিন্ন কারণে প্রতিনিয়ত গাছপালা কমে যাচ্ছে। ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনকে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে বাঁচিয়ে তুলতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তা মানুষের জন্য অক্সিজেন, ছায়া, ফল ও নানা ধরনের পরিবেশগত সুবিধা নিশ্চিত করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় পরিকল্পিতভাবে গাছ লাগানো।
গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের নেতারা বলেন, সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা প্রয়োজন। সেই দায়িত্ববোধ থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় স্পোর্টিং ক্লাবের সদস্যরা। আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, এটি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। তাই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য গাজীপুর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।