গাজীপুরে জাতীয় মৎস্য দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গাজীপুর প্রতিনিধি  ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নাটমন্দিরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ) শাকিল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য আকসা আরাফাত মৎস্য খামারের প্রতিষ্ঠাতা আবু তাহের মুসল্লীকে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মৎস্য খাদ্য ও মৎস্য খাদ্য উপকরণ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেডের মালিক এহতেশাম বি. শাহজাহান হোসেনকে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। অন্যদিকে ভিটিপাড়া এলাকার কার্পজাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদানের জন্য মিসেস তানিশা পোল্ট্রি অ্যান্ড ফিসারিজের প্রোপ্রাইটর আবু তালেব আহাম্মদকে কার্পজাতীয় মাছ উৎপাদন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষীদের আরও দক্ষ করে তুলতে সরকারি উদ্যোগ অব্যাহত থাকবে।