গাজীপুরের তুরাগ নদীর পার্শ্ববর্তী বিল থেকে গলাকাটা জোড়া লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া এলাকায় তুরাগ নদের পার্শ্ববর্তী বিলের ইটভাঁটিতে পানিতে ভাসমান দুই ব্যক্তির অর্ধগলিত লাশ গত বুধবার (৭ জুলাই) রাতে উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। আনুমানিক ৪৫ ও ৩০ বছর বয়সের নিহত ওই দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জিএমপির কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, বুধবার রাতে মাছ শিকার করতে কয়েক ব্যক্তি তুরাগ নদের পার্শ্ববর্তী গাজীপুর মহাগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ নামাপাড়া বাঘিয়ারচরের একটি ইটভাঁটি এলাকায় যায়। আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি বিল পাশের তুরাগ নদের সঙ্গে মিশে গেছে। এ সময় সেখানে পাশাপাশি দুটি লাশ পানিতে ভাসতে দেখে তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে অর্ধগলিত লাশ দুটি উদ্ধার করে। নিহতদের মধ্যে ৩০ বছর বয়স্ক ব্যক্তির পরনে লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট এবং অপর উলঙ্গ ব্যক্তির পরনে এ্যাশ রঙের গেঞ্জি রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্তত এক সপ্তাহ আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তাদের পরিচয় উদ্ধার করার জন্য পুলিশ ব্যুরো ইনভিস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। তাদের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে।

এ ব্যাপারে গাজীপুর পিবিআই এর পুলিশ সুপার মাকসুদে রহমান জানান, মরদেহগুলো পচে যাওয়ায় তাদের আঙ্গুলের যথাযথ ছাপ নেয়া সম্ভব হয়নি। তারপরেও তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।