কুড়িগ্রামের রৌমারীতে বাড়ি বাড়ি যাচ্ছে গাছ চিরাই করা করাত কল

মাসুদ রানা  কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে গাছ চিরাই করে দিচ্ছে এই ভ্রাম্যমান করাত কল (স’ মিল)।

 বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগুয়ারচর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মাঝে মাঠে চারটি চাক্কা লাগানো স্যালোমেশিন দিয়ে গাড়ি তৈরী করে তার উপর করাত কল (স’ মিল) স্থাপন করে গাছ চিরাই করেছেন। মোবাইল ফোনে যোগাযোগ করলেই ভ্রাম্যমান করাত কল (স’ মিল) টি উপজেলা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গাছ চিরাই করে দেয়।

ভ্রাম্যমান করাত কলটির মালিক মো. দুলু মিয়া বলেন, রৌমারী উপজেলার রাস্তা ঘাট তেমন ভালো না, তাই গাড়ি তৈরী করে স’ মিল সেট করেছি। একশত বা তার বেশি সে: কাঠ হলেই, আমরা সেই গ্রামে গিয়ে গাছ চিরাই করে দিয়ে আসি। গাছ গাড়ি ভাড়া দিয়ে স’ মিলে নিয়ে আসতে হয়, মালিকের গাড়ি ভাড়া লাগেনা।

স’ মিল মিস্ত্রি ওমেদ আলী বলেন, আমরা প্রতিদিন উপজেলা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষের গাছ ভাঙ্গায় (চিরাই) দেই, আমরা চারজন কামলা(শ্রমিক) কাজ করি, প্রতিদিন পাঁচশত টাকা করে মুজুরী পাই।

বাগুয়ারচর গ্রামের রাশেদুল ইসলাম, নজরুল ইসলাম, হাবিবুর রহমান বলেন, আমাদের গ্রামে যারা যারা গাছ ভাঙ্গাবো(চিরাই) সবাই মিলে স’ মিল মালিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেছি। আজ আমাদের গ্রামে এসে গাছ  ভাঙ্গায়ে (চিরাই) দিচ্ছে, গাড়ি ভাড়া করে কষ্ট করে স’ মিল নিতে হলো না। আমাদের অনেক উপকার হয়েছে, বাড়িতে থেকে কাঠ ভাঙ্গনো হলো, খড়ি ও কাঠের গুড়া পেলাম রান্নার কাজে ব্যবহার করার জন্য।