কুড়িগ্রামের রৌমারীতে বালু উত্তোলন ও ট্রাক্টর(কাকড়া) গাড়ি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল মানববন্ধন

মাসুদ রানা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন  ট্রাক্টর (কাকড়া) গাড়ী বন্ধ  ও হোসেন আলী দুর্জয়ের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্ত¡রে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি পেশার  মানুষ। এতে বক্তব্য রাখেন, বুয়েট শিক্ষার্থী মো. সোহেব হোসেন, আরিফ হাসান, এসএমএ মোমেন, মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, প্রভাষক আকতারুজ্জামান, মহির উদ্দিন মহির, আঞ্জুমানআরা ও শ্রীমতি কাঞ্চন মালা প্রমূখ।

উল্লেখ্য একটি প্রভাবশালী মহল ও ভূমিদস্যু চক্র দীর্ঘদিন যাবত ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে বলগেট ও ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করে প্রায় ১১’শ অবৈধ ট্রাক্টর (কাকড়া) গাড়ি দিয়ে পরিবহন করে আসছে। প্রতিবাদ করলে মামলাসহ নানা প্রকার ভয়ভিতি প্রদর্শন করে তারা। এর আগে বালু উত্তোলন বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ঢালাও ভাবে নিউজ প্রচার হলেও প্রশাসনের টনক নড়েনি। ফলে গত দুইমাসে হোসেন আলী দুর্জয় (২১), মারিয়া (৫), নুরজাহান (৩৭) মতিন (৪০) ও হাশেম আলী (৮২)সহ ৬ জন অবৈধ ট্রাক্টর (কাকড়া) চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে।