গাজীপুরে বিদেশী রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩
- In -- জেলার খবর --
- Jan 6, 2021 --
গাজীপুরের শ্রীপুর থেকে একটি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নারীও রয়েছে। বুধবার (৬ জানুয়ারি) রাত সাড়ে চারটার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আল ইমরান (২৫) ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার মো. শফি উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার জনৈক হাজী সিরাজ মুন্সির বাড়ির ভাড়াটিয়া। মো. সাইদুল ইসলাম বাপ্পি (২৯) কক্সবাজার জেলার কক্সবাজার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পেশকারপাড়া এলাকার প্রয়াত জহির উদ্দিনের ছেলে এবং শান্তা ইসলাম সাথী (৩৫) জয়দেবপুর থানার পশ্চিম জয়দেবপুর এলাকার সেলিম চৌধুরীর মেয়ে। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন নয়নপুর দক্ষিণ ধনুয়া এলাকার হাজী সিরাজ মুন্সির বসত বাড়ী হতে ধৃত আসামী আল ইমরান(২৫) এর শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামীদের দখল হতে একটি বিদেশী রিভলভার, দুই রাউন্ড গুলি এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ।আসামীরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে কক্সবাজার হতে কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট গাজীপুর ও পার্শ্ববর্তী জেলায় পাইকারি বিক্রি করে। উদ্ধারকৃত অস্ত্র বিদেশী রিভলভার দ্বারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, তাদের মাদক ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে ব্যবহার করে আসছিল বলে ধৃত আসামীরা স্বীকার করে। উদ্ধারকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)