গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ১১টি অবৈধ ইটভাটাকে ৬৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

জসিম উদ্দিন  গাজীপুর, গাজীপুরে ১১টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটা মালিককে ৬৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী  পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে দেয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী  ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময়  ইটভাটা ফায়ার সার্ভিসের  কর্মীরা পানি দিয়ে  আগুন নেভায় এবং ভেকু মেশিন দিয়ে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ।    ভেঙে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা গুলো- আব্দুল আজিজের মেসার্স কাঁচা রস ব্রিকস (কে আর বি), জহিরুল হক পলাশের মেসার্স স্টার ব্রিকস, শরিফুল আলমের ডগরী ব্রিকস (এম এ কে-২), আব্দুর রহমান সরকারের মেসার্স আদিব ব্রিকস (এ আর সি), মোঃ বশির আহমেদের বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বি এন বি), সোহান আহমেদ রিপনের মেসার্স হাজী ব্রিকস (এম এইচ বি), নাসিম সিকদারের মেসার্স সোহাগ-বাপ্পি ব্রিকস (এস বি সি) এবং মোঃ রফিকুল ইসলামের এন আর ব্রিকস (এন আর বি)। এছাড়া ভাওয়াল মির্জাপুর এলাকায় আমীন উদ্দিনের সুইটি ব্রিকস (এস আর বি), আয়নাল হকের আঁখি ব্রিকস (এ আর বি) এবং ফজলুল হক মুসুল্লির ন্যাশনাল ব্রিকস। পরে ওই ১১টি ইটভাটা মালিককে ৬ লাখ টাকা করে মোট ৬৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, পরিদর্শক দিলরুবা আক্তার, গাজীপুর র‌্যাব ১,  গাজীপুর জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।