জানুয়ারির মধ্যেই খালের দায়িত্ব পাচ্ছে ২ সিটি: এলজিআরডিমন্ত্রী

আগামী জানুয়ারির মধ্যেই জলাবদ্ধতা নিরসনে রাজধানীর খাল রক্ষণাবেক্ষণে দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনকে দেওয়া হচ্ছে। শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত ‘হাত ধোয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এই তথ‌্য জানান।  সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস এবং উন্মুক্ত স্থানে হাত ধোয়া নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, ‘ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যে সম্ভব না হলে জানুয়ারির মধ্যেই হস্তান্তরের কাজ সম্পন্ন হবে।’  এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘ঢাকার চারপাশের নদী-নালা, খাল যারাই দখল করুক,  দ্রুত দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘সারাদেশে লকডাউন চলা অবস্থাতেও ঢাকা ওয়াসা রাজধানীতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করেছে। পুরো দেশে পানির কোনো সংকট দেখা দেয়নি। ’করোনা থেকে বাঁচতে মাস্ক ব‌্যবহারসহ ঘনঘন হাত ধোয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজ যে সব হাত ধোয়ার গাড়ি উদ্বোধন করা হলো, এর সুফল নগরবাসী পাবে।  করোনার সংক্রমণ রোধে এটি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াবে।  বিনামূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় সুবিধাও সরবরাহ করাহ হবে।’ স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দেশে প্রাণঘাতী করোনা ধরা পড়ার থেকেই সরকার মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ ২২ হাজার কোটি টাকার বেশি বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন।’ এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম ও ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।