নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ৫ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে নরসিংদী ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। রাত পৌনে দুইটায় শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন জনৈক হাবিবুল্লাহর শিমের (সবজি) বাগানের ভিতর হতে একই এলাকার জসিম উদ্দিনের ছেলে চিহ্নিত ডাকাত মো. রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মো. তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মো. জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মো. উজ্জ্বল মিয়া (১৯), ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেন ড্রাইভারের ছেলে নাদিম মিয়া (২৭) এ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৪ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১টি ছোড়া উদ্ধার করা হয় বলে নরসিংদী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তারা শিবপুর থানা এলাকায় বসতবাড়িতে ডাকাতি করার জন্য সমবেত হয়ে শলাপরামর্শ করছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামি রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে বলেও জানানো হয়। শিবপুর মডেল থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।